| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যানজটহীন ঈদের ঢাকা, স্বস্তিতে নগরবাসী

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১৫:৫৮:০০:অপরাহ্ন  |  ১০৪৫ বার পঠিত
যানজটহীন ঈদের ঢাকা, স্বস্তিতে নগরবাসী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়েছেন লাখ লাখ মানুষ। পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নৌ, সড়ক ও আকাশপথে গত কয়েকদিনে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করায় যানজটের নগরী এখন অনেকটাই ফাঁকা ও স্বস্তিদায়ক হয়ে উঠেছে।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ব্যস্ততম সড়কগুলো প্রায় ফাঁকা। সীমিত সংখ্যক বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করছে। অন্যান্য দিনের তুলনায় অস্বাভাবিক রকম কম যানবাহন থাকায় নগরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

রাস্তা ফাঁকা থাকায় চালকরাও দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। সাধারণ সময়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেখানে দীর্ঘ সময় লেগে যায়, সেখানে এখন অল্প সময়েই অনায়াসে চলাচল করা সম্ভব হচ্ছে।

রাজধানীর রায়েরবাজার এলাকার বাসিন্দা আবু হায়াত জানান, সকালে ঈদের নামাজ ও কোরবানির কাজ শেষ করে তিনি লালবাগে আত্মীয়ের বাসায় মাংস পৌঁছে দিতে যান।

তিনি বলেন,স্বাভাবিক সময়ে এই পথে যেতে ৪৫ মিনিটের বেশি সময় লাগে। কিন্তু আজ মাত্র ১০ মিনিটেই পৌঁছে গেছি। এত দ্রুত ঢাকা শহরে চলাচল করতে পারবো, ভাবতেই পারিনি।

আজিমপুর থেকে গাবতলী রুটে চলাচলকারী বাসচালক মাসুদ আলম বলেন, আজ যাত্রী কম হলেও গাড়ি চালিয়ে অনেক স্বস্তি লাগছে। অন্যসময় যানজটে বারবার ব্রেক করতে হয়। কিন্তু আজ শুধু যাত্রী ওঠানামার সময় ছাড়া আর কোথাও থামতে হয়নি।

অন্যান্য সময়ের তীব্র যানজট, শব্দদূষণ ও ভোগান্তির বিপরীতে ঈদের ছুটিতে রাজধানীর শান্ত পরিবেশ নগরবাসীর কাছে যেন বাড়তি স্বস্তি এনে দিয়েছে।

সকালে ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটিতে ব্যস্ত সময় পার করেন নগরবাসী। অনেক পরিবার দুপুরের মধ্যেই কোরবানির কাজ শেষ করে আত্মীয়স্বজনের বাসায় মাংস পৌঁছে দিতে বের হন।

এ কারণে বিভিন্ন এলাকায় হাতে মাংসের ব্যাগ নিয়ে মানুষকে চলাচল করতে দেখা গেছে। তবে যানজট না থাকায় তাদের যাতায়াতেও ছিল স্বস্তি।

শাহজাহানপুরের বাসিন্দা জরিনা খাতুন বলেন, ঈদের ছুটিতে ঢাকা শহরে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। অন্যসময় এই শহরকে অনেক যন্ত্রণার মনে হয়। কিন্তু এখন এত শান্ত লাগে যে মনে হয়, ঢাকা যদি সবসময় এমন থাকতো।

রাজধানীসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের জামাত শেষে মুসল্লিরা কোরবানির পশু জবাই, আত্মীয়-স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত সময় পার করছেন।

ফাঁকা রাস্তা, কম যানজট ও স্বস্তিদায়ক পরিবেশের কারণে এবারের ঈদে ঢাকায় অবস্থানকারীরা যেন ভিন্ন এক রাজধানীর অভিজ্ঞতা পাচ্ছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪