| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১৭:২৫:৫০:অপরাহ্ন  |  ৭৯২ বার পঠিত
তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মুফতি ওমর ফারুক। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় দেশে হামের পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সময়মতো পদক্ষেপ নেওয়া না হলে হাজারো শিশুর প্রাণহানির আশঙ্কা ছিল।

মন্ত্রী বলেন, হাম মোকাবিলা করা না গেলে হাজারো শিশুর মৃত্যু হতে পারত। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে।”

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। আক্রান্ত শিশুদের সংস্পর্শ থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে পারলে ঈদের পর পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীর বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল থেকেই মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-2 আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। অন্যদিকে শিবপুরে ঈদের নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ জেলার বিভিন্ন ঈদ জামাতে অংশ নেন।

জেলার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। সকাল থেকেই সেখানে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি স্বাস্থ্যখাতের সাম্প্রতিক পরিস্থিতি, শিশু মৃত্যুর ঘটনা এবং হামের বিস্তার নিয়েও সাধারণ মানুষের মধ্যে আলোচনা দেখা যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪