| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ডিএনসিসির কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার আগেই পরিষ্কার হবে’

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১৭:৫১:৪৮:অপরাহ্ন  |  ১৪৫৮ বার পঠিত
‘ডিএনসিসির কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার আগেই পরিষ্কার হবে’

স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নির্ধারিত ১২ ঘণ্টার  আগেই শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী কোরবানির বর্জ্য দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন। সেই ধারাবাহিকতায় আমরা আজ মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শনে এসেছি। আশা করছি, রাত ২টার অনেক আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্জ্য অপসারণের এই মূল ক্র্যাশ প্রোগ্রাম আগামী আরও দুই দিন চলমান থাকবে। এবার ডিএনসিসি এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি ভারী যানবাহন একযোগে কাজ করছে।

এ সময় নগরবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন। সেখান থেকে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করবে। নগরবাসী আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে নগর পরিষ্কার করতে সক্ষম হবো।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির বর্জ্য সুষ্ঠুভাবে সরাতে ডিএনসিসির ৭২ ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আপনারা আস্থা রাখবেন এবং বর্জ্য অবশ্যই পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন।

এদিকে ডিএনসিসি সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ৭৩৬টি ট্রিপের মাধ্যমে মোট তিন হাজার ১৫৮ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

মাঠপর্যায়ে এই পরিদর্শন কার্যক্রমে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪