| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা রাজধানী, যানজটহীন সড়কে স্বস্তির নিশ্বাস নগরবাসীর

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০৯:২১:২৯:পূর্বাহ্ন  |  ৫৩৪১৬০ বার পঠিত
ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা রাজধানী, যানজটহীন সড়কে স্বস্তির নিশ্বাস নগরবাসীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ায় দ্বিতীয় দিনেও অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। কর্মব্যস্ত এই নগরীর সড়কগুলোতে কমেছে যানবাহনের চাপ, নেই প্রতিদিনের চিরচেনা যানজটের ভোগান্তি।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নামায় রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে ছিল ব্যাপক ভিড়। এর ফলে নিউমার্কেট, শাহবাগ, ফার্মগেট, মতিঝিল ও গুলিস্তানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়।

শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস ও রিকশার সংখ্যা স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নগরজীবনে নেমে এসেছে এক ধরনের নীরবতা ও স্বস্তি।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

এছাড়া অধিকাংশ দোকানপাট ও শপিংমল বন্ধ থাকায় বিভিন্ন বাণিজ্যিক এলাকায় বিরাজ করছে সুনসান পরিবেশ। ঈদের ছুটিতে ট্রাফিক পুলিশের উপস্থিতি কিছুটা কম হলেও সীমিত সংখ্যক সদস্য সড়কে দায়িত্ব পালন করছেন। যেসব এলাকায় ট্রাফিক পুলিশ নেই, সেখানে চালকেরা ট্রাফিক সিগন্যাল বাতি মেনে শৃঙ্খলিতভাবে যান চলাচল করছেন।

তবে রাজধানী ছাড়ার চাপ এখনো কমেনি কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে হাজারো মানুষ ঢাকা ছাড়ছেন প্রতিনিয়ত।

অন্যদিকে ফাঁকা সড়কে স্বস্তিতে চলাচল করছেন রাজধানীতে অবস্থান করা নাগরিকরা। কোথাও কোথাও শিশু-কিশোরদের রাস্তায় খেলাধুলা করতেও দেখা গেছে।

নগরবাসীর অনেকেই মনে করছেন, ঈদের ছুটির পুরো সময়জুড়েই রাজধানী এমন শান্ত ও যানজটহীন পরিবেশে থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪