| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণে কাজ করছে ডিএসসিসি

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০৯:৩৫:১৯:পূর্বাহ্ন  |  ৫৩৪০০৪ বার পঠিত
ঈদের দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণে কাজ করছে ডিএসসিসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে দ্বিতীয় দিনেও জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে দিন-রাত কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে। সংস্থাটি বলছে, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট সব ইউনিট মাঠে থেকে কাজ করছে।

শুক্রবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য এবং অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করে কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে।

এদিন সকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে চলছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে আমরা দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, দ্বিতীয় দিনের জন্য বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৭৭৬ টন, যা সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ডিএসসিসি প্রশাসক সতর্ক করে বলেন, নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশুর হাট সম্প্রসারণ বা রাস্তা দখল করে অবৈধভাবে পরিচালনার অভিযোগ পাওয়া গেলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা ও কালোতালিকাভুক্ত করার কথাও তিনি উল্লেখ করেন।

ডিএসসিসি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার জন্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪