| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্-দ্বীনে কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ, আটক নয় কেউ

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ০৬:৩০:৩২:পূর্বাহ্ন  |  ২৩৭১ বার পঠিত
আদ্-দ্বীনে কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ, আটক নয় কেউ

স্টাফ রিপোর্টার: রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

গত বুধবার হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল শুক্রবার জানান, ঘটনার পর থেকেই হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

তিনি বলেন, নবজাতকদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি শনিবার তাদের প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নিহত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান বুধবার রাতে রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার দিন পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের কক্ষটি সিলগালা করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সেখান থেকে আলামত সংগ্রহ করে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল কক্ষটিতে কোনো ক্ষতিকর গ্যাস ছিল কি না, তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে।

সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দলের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান বলেন, নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পরই ক্ষতিকর গ্যাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন শনিবার জমা দেওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান বলেন, হাসপাতালের ওই কক্ষটি ছিল ‘সাফোকেটিভ’ বা বদ্ধ পরিবেশের। এমন কক্ষ পোস্ট-অপারেটিভ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা উচিত হয়নি।

তিনি বলেন, ‘একই কক্ষে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ড চালু থাকলেও আগে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। হঠাৎ করে কেন ছয়টি শিশু মারা গেল, সেটি খুঁজে বের করা অত্যন্ত জরুরি।’

পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪