রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটি, রাজধানীজুড়ে যানবাহনের চাপ কমে যাওয়া এবং টানা বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কয়েকদিনের ভারী বর্ষণে ধুলাবালি ধুয়ে যাওয়ায় দেশের এই মেগাসিটির বাতাস এখন তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।
তবে টানা দুই দিন বৃষ্টি না হওয়ায় বায়ুদূষণের মাত্রা কিছুটা বেড়েছে। শনিবার (৩০ মে) সকাল ৭টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (AQI)-এর তথ্যানুযায়ী, ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ৮২। এ স্কোর নিয়ে বিশ্বের ১২৭টি প্রধান দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৯তম। পরিবেশগত মানদণ্ডে এই স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ২১৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। দ্বিতীয় অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসার স্কোর ১৮৯ এবং তৃতীয় অবস্থানে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৫০।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৪৫। পঞ্চম স্থানে থাকা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার স্কোর ১৪২।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটিতে রাজধানীতে যানবাহন চলাচল এবং নির্মাণকাজ কমে যাওয়ার পাশাপাশি টানা বৃষ্টিপাতের কারণে বায়ুদূষণের মাত্রা সাময়িকভাবে হ্রাস পেয়েছে। বৃষ্টির পানিতে বাতাসের ধুলিকণা ও ক্ষতিকর উপাদান ধুয়ে যাওয়ায় ঢাকার বায়ু বর্তমানে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, বায়ুদূষণের স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ সময় শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে অবস্থান বা পরিশ্রমী কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা আরও জানান, শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার ফলে এবং বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধির কারণে দূষিত কণাগুলো নিচের স্তরে আটকে থাকে। ফলে এ সময়ে সাধারণত ঢাকার বায়ুদূষণ আরও বেড়ে যায়। বায়ুদূষণের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।
রিপোর্টার্স২৪/ঝুম