রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে “ফ্যাসিবাদের জাঁতাকলে” দেশের মানুষ স্বাধীনভাবে এই দিনটি পালন করতে পারেনি। তবে বর্তমানে তুলনামূলকভাবে বেশি স্বাধীন পরিবেশে দলীয় নেতাকর্মীরা নেতাকে স্মরণ করার সুযোগ পাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি তিনিই স্থাপন করেছিলেন বলেও দাবি করেন তিনি।
তার ভাষায়, জিয়াউর রহমানের রেখে যাওয়া উন্নয়ন ও রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য এখনো গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। চলমান সংস্কার কার্যক্রমও অনেক ক্ষেত্রে সেই রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতার সঙ্গেই সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ভবিষ্যতে দলটি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তাকে ধারণ করে একটি সুশাসনভিত্তিক ও কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানও জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিনটি ঘিরে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম