রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাইকোর্টের সামনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আবুল বাশার। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ কর্মসূচিতে কাজী আবুল বাশার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল মানুষের কল্যাণে কাজ করা। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেই আদর্শকে ধারণ করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করছে।
কর্মসূচির অংশ হিসেবে সহস্রাধিক দুঃস্থ, শ্রমজীবী ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
রিপোর্টার্স২৪/ঝুম