রিপোর্টার্স২৪ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের দিনটি বিএনপি এবং দেশের কোটি মানুষের জন্য গভীর শোক ও স্মৃতিবিজড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অগ্রগতির জন্য কাজ করে গেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের স্বার্থ রক্ষায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সংগ্রামের সঙ্গে জিয়াউর রহমানের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তার আদর্শ ও রাষ্ট্রচিন্তা আজও জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক।
বিএনপির এই নেতা আরও বলেন, “শহীদ জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে জাতীয় ঐক্য গড়ে তুলে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হয়। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের যে দর্শন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপি আজও সেই আদর্শ ধারণ করে রাজনীতি করছে।”
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে সকল গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম এ দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য উদাহরণ হয়ে থাকবে।”
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে নতুন করে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ঝুম