স্টাফ রিপোর্টার: বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করছে জাতিসংঘ।
আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সম্মাননা পদক প্রদান করবেন।
জাতিসংঘ জানিয়েছে, এ বছর বিশ্বজুড়ে দায়িত্ব পালনকালে নিহত ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে এই পদকে ভূষিত করা হচ্ছে। এর মধ্যে ৫৯ জনই গত বছর কর্মরত অবস্থায় প্রাণ হারান।
বাংলাদেশ থেকে মরণোত্তর এই সম্মাননা পাচ্ছেন প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা ও প্রাইভেট শান্ত মন্ডল।
তারা জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে আব্বেই অঞ্চলে একটি আকস্মিক ড্রোন হামলায় নিহত হন বলে জানা গেছে।
জাতিসংঘের এই পদক শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগকারী সদস্যদের সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয়।
রিপোর্টার্স২৪/বাবি