স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে।
রোববার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য সোমবার (১ জুন) রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।
এর আগে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার। নতুন সিদ্ধান্তে এই তিন ধরনের জ্বালানির দাম ৫ টাকা করে বৃদ্ধি পেলেও ডিজেলের মূল্য ১১৫ টাকাই বহাল রাখা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে দাম সমন্বয় করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। তখন অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়। তবে মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের সরকারি নীতির ধারাবাহিকতায় এবারও নতুন মূল্য কার্যকর করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি