| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাসীরুদ্দীন-সারজিসের সফর ঘিরে বাড়তি নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ০৬:৫৩:৩৭:পূর্বাহ্ন  |  ৩৫৮ বার পঠিত
নাসীরুদ্দীন-সারজিসের সফর ঘিরে বাড়তি নিরাপত্তা

চাঁদপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের চাঁদপুরের মতলব উত্তর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য এবং কর্মসূচি প্রতিহতের হুমকির অভিযোগের পর প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থান নিয়েছে।

শুক্রবার (৫ জুন) উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক তর্ক-বিতর্ক।

অনুষ্ঠানের আগে ছাত্রদলের এক নেতা আল মামুন আতিক তার ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতলব উত্তর সফরের বিরোধিতা করে বিভিন্ন মন্তব্য করেন। একটি পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে প্রতিহতের কথাও উল্লেখ করেন। এসব পোস্ট নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীর পক্ষ থেকেও কর্মসূচি প্রতিহতের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে এনসিপির নারী শক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু বলেন, অনলাইনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি। রাজনৈতিক মতপার্থক্যের জবাব যুক্তি ও বক্তব্যের মাধ্যমেই হওয়া উচিত।

মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানের মতো মতলবেও প্রতিরোধের চেষ্টা হচ্ছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইদ্রিস আলী প্রধান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এনসিপিতে যোগদানের আগ্রহ তৈরি হয়েছে। কোনো অপপ্রচার বা প্রতিবন্ধকতায় তারা বিচলিত নন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪