| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই পাইলট নিরাপদ: ট্রাম্প

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১৪:১৬:২৬:অপরাহ্ন  |  ১৩৭১২ বার পঠিত
হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হওয়া একটি মার্কিন অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টারের দুই পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুর্ঘটনায় কেউ আহত হননি এবং এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পরে প্রকাশ করা হবে।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ইরান নিয়ন্ত্রিত জলপথের কাছাকাছি এলাকায় একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এর ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে। তবে হেলিকপ্টারটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়েছে,তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

ট্রাম্প বলেন, ‘পাইলটরা ভালো আছেন। কেউ আহত হননি।’ তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, মঙ্গলবারের মধ্যেই এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

ঘটনাটি ঘটল এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েল ট্রাম্পের আহ্বানে একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যদিও তেহরান সতর্ক করে জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা পুনরায় সামরিক পদক্ষেপ নিতে পারে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আলোচনাও অব্যাহত রয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, কয়েক দিনের মধ্যেই ইরান ইস্যুতে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি হতে পারে। তবে এর বিস্তারিত তিনি জানাননি।

সপ্তাহান্তে এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ দেখা যায়। বৈরুতের উপকণ্ঠে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অবস্থানে হামলার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা পাল্টা হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি অনুরূপ স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। তবে উভয় পক্ষই জানিয়েছে, এসব হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে সোমবার ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনে কথা বলেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধে জড়ালে ইসরায়েলকে একাই লড়াই করতে হতে পারে।ট্রাম্পের ভাষায়, ‘আমি বলেছি, বিবি, সাবধান হও। খুব শিগগিরই তুমি একা হয়ে যেতে পারো।

অন্যদিকে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, প্রয়োজন হলে ইসরায়েল দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। একই ধরনের কঠোর অবস্থান নিয়েছে তেহরানও। আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে একটি সামরিক সূত্র জানিয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য ইরান প্রস্তুত এবং প্রয়োজনে তারা অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধেও হামলা পুনরায় শুরু করতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, চরম অবিশ্বাসের পরিবেশে ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তিচুক্তি হতে হলে লেবাননের যুদ্ধ বন্ধ হওয়াও গুরুত্বপূর্ণ শর্ত। তবে মার্চে শুরু হওয়া অভিযানের পর থেকে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করেনি। অপরদিকে হিজবুল্লাহও তাদের হামলা চালিয়ে যাচ্ছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতেও উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান বেশিরভাগ জাহাজ চলাচলে বাধা অব্যাহত রেখেছে, অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপ করেছে।

ট্রাম্পের দাবি, সম্ভাব্য যেকোনো চুক্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। অন্যদিকে তেহরানের দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ থাকা কয়েকশ কোটি ডলারের সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণের স্বীকৃতি।  রয়টার্স 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪