| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১২:৪১:৪৩:অপরাহ্ন  |  ১৬২৭৭ বার পঠিত
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্বজনের শেষকৃত্যে অংশ নিতে যাচ্ছিলেন তারা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মাঝনদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবে প্রাণ হারালেন অন্তত ২৪ জন। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে।

শুক্রবার (২০ নভেম্বর) শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। শনিবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে দুর্ঘটনায় প্রাণহানি ও উদ্ধার তৎপরতার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নৌকাটিতে থাকা যাত্রীরা একটি শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। পথে শুক্রবার নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়। এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্ঘটনার পর কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নৌকাটিতে সব মিলিয়ে কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে নিখোঁজ ব্যক্তির সংখ্যা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পুলিশের প্রাথমিক ধারণা, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ কর্মকর্তা মুসা মোহাম্মদ আরও জানান, দুর্ঘটনার আগে নৌকায় থাকা যাত্রীরা চালককে নৌকাটি তীরে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু চালক যাত্রীদের সেই অনুরোধ উপেক্ষা করেন। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে গেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। যাত্রীদের জীবন রক্ষায় নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতিতে চলাচল এবং নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য প্রশাসন।

শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই বলেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, দ্রুতগতিতে নৌকা চালানো, অসতর্ক ও বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া যাতায়াত বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই অবহেলা করা যাবে না। নৌযানে চলাচলের ক্ষেত্রে প্রত্যেককে নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। কারণ, কোনো যাত্রাই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়।

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে নদী ও জলপথে যাতায়াতের ওপর অনেক মানুষের নির্ভরতা রয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে এই দুর্ঘটনা। সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪