আন্তর্জাতিক ডেস্ক:উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এক সুদানি নাগরিকের ছুরিকাঘাতের ঘটনার পর অভিবাসীবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে মুখোশধারী বিক্ষোভকারীরা বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি যানবাহন পুড়িয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে উত্তর বেলফাস্টে সংঘটিত ছুরিকাঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তেজনা বাড়তে থাকে। ওই হামলায় চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। পরে এ ঘটনাকে কেন্দ্র করে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে।
বেলফাস্টের বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনা দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচারিত ভিডিওতে পুলিশ সদস্যদের একটি জ্বলন্ত বাড়ি থেকে একটি পরিবারকে নিরাপদে বের করে আনতে দেখা গেছে। স্থানীয় রাজনীতিক ও ধর্মীয় নেতাদের দাবি, হামলার শিকার হওয়া অনেকেই কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সদস্য।
উত্তর আয়ারল্যান্ডের প্রথম মন্ত্রী মিশেল ও'নিল এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পরিবারের সদস্যদের বাড়ি থেকে আগুন দিয়ে বের করে দেওয়ার মতো কর্মকাণ্ডের কোনো অজুহাত বা গ্রহণযোগ্যতা থাকতে পারে না।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ছুরিকাঘাতের ঘটনাকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন।
মঙ্গলবার সন্ধ্যায় ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এছাড়া জনসমক্ষে ধারালো অস্ত্র বহন এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। বুধবার তাকে বেলফাস্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশ জানায়, হামলার শিকার ব্যক্তি চোখ, মুখ ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রান্নাঘরের ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাধারণ মানুষ হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেন এবং তাদের সাহসী ভূমিকার কারণেই আহত ব্যক্তির জীবন রক্ষা সম্ভব হয়েছে।
এদিকে উত্তর আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী নাওমি লং রয়টার্সকে বলেন, কিছু অসৎ গোষ্ঠী মানুষের স্বাভাবিক উদ্বেগ ও ক্ষোভকে কাজে লাগিয়ে একই বর্ণের মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। তিনি জনগণকে উসকানিদাতাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।
উত্তর আয়ারল্যান্ডের বিরোধীদল সোশ্যাল ডেমোক্রেটিক অ্যান্ড লেবার পার্টির নেতা ক্লেয়ার হান্না এই ঘটনাকে ‘বর্ণভিত্তিক নিপীড়ন’ হিসেবে বর্ণনা করেছেন।
মঙ্গলবার রাতে বেলফাস্টের বিভিন্ন এলাকায় দাঙ্গাকারীরা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পূর্ব বেলফাস্টে একটি বাসও আগুনে পুড়ে যায়। বিবিসির খবরে বলা হয়েছে, প্রায় ১০০ জনের একটি দল একটি সড়কের বাড়িগুলোর দরজা ভেঙে এবং জানালার কাচ ভাঙচুর করে হামলা চালায়।
উত্তর আয়ারল্যান্ডে গত বছরও একটি কথিত যৌন নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে অভিবাসীবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়েছিল। যদিও পরে ওই মামলায় অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/এসসি