| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১১:৫৪:৫৩:পূর্বাহ্ন  |  ১৭৬৫ বার পঠিত
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

রিপোর্টার্স২৪ ডেস্ক:পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি। হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবর্তন নিশ্চিত করতে নির্ধারিত তিনটি বিমান সংস্থার মাধ্যমে নিয়মিত ফিরতি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সময় ১৮ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে যাওয়া ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন। হজযাত্রীদের ফেরাতে বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে বলে হজ বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যসেবার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এছাড়া ১৬ জন হাজি বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

হজযাত্রীদের চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রমে নিয়োজিত মেডিকেল টিমও ব্যাপক সেবা প্রদান করেছে। সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো মোট ৬৫ হাজার ৮৮৮ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্ক, মক্কা ও মদিনায় পরিচালিত বিভিন্ন সেবা কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ১৬৭ জন হাজিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর ধারাবাহিকভাবে হজযাত্রী পরিবহন কার্যক্রম চলতে থাকে এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয়।

চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪