| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৬:২৬:০৩:অপরাহ্ন  |  ১৫১৭ বার পঠিত
হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো ভারত থেকে বাংলাদেশে আসছে যাত্রীবাহী ট্রেনের বগি। আগামী জুলাই মাসেই ২০টি ব্রডগেজ কোচের প্রথম চালান বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি ইতোমধ্যে রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী এগুলো বাংলাদেশে পাঠানো হবে।

বাংলাদেশ এর আগে ভারত থেকে ৯১৫ কোটি রুপি ব্যয়ে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি কেনার চুক্তি করে। জুলাইয়ে আসতে যাওয়া ২০টি কোচ সেই বৃহৎ চুক্তিরই অংশ।

জানা গেছে, এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠানগুলো এই বগি নির্মাণের দায়িত্ব পায়।

ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির আওতায় নির্মিত প্রথম ব্যাচের কোচগুলো আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত হবে এবং বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

বগিগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ কারখানায় তৈরি করা হচ্ছে। ইকোনোমিক টাইমস বলেছে, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারতীয় রপ্তানি কার্যক্রম নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নতুন এই চালান পাঠানোর মাধ্যমে দুই দেশের মধ্যে রেল কোচ রপ্তানি কার্যক্রম আবারও গতি পাচ্ছে।

ভারতীয় রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পটির অগ্রগতি কিছুটা ধীর হয়ে গেলেও বর্তমানে কাজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।

এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল। দুই দেশের মধ্যে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও রেল সংযোগ জোরদারের অংশ হিসেবে এসব সরঞ্জাম সরবরাহ করা হয়।

সর্বশেষ চুক্তি অনুযায়ী, কোচ সরবরাহের পাশাপাশি ডিজাইন সহায়তা, প্রয়োজনীয় যন্ত্রাংশ, কারিগরি প্রশিক্ষণ এবং পরিচালনাগত সহযোগিতাও প্রদান করবে ভারত।

সূত্র: ইকোনোমিক টাইমস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪