| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ১২:২৬:৩৫:অপরাহ্ন  |  ১০৮৪ বার পঠিত
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শুক্রবার (২৬ জুন) পর্যন্ত ১৮০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৬ হাজার ১৭৪ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৭১৫ জন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৫৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে হজের গুরুত্বপূর্ণ স্থান মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

ফিরতি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বাধিক ৯৭টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইনস ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩০ হাজার ৫৭৩ জন হাজি। সৌদিয়া এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ফিরেছেন ২২ হাজার ৭২৯ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ২০০ জন হাজি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরবেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়, এ বছর সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো মোট ৬৭ হাজার ৩৬ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। মক্কা ও মদিনায় স্থাপিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৩৮৩ জন হাজিকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে।

চলতি বছরের হজযাত্রা উপলক্ষে গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

হজ অফিসের তথ্যমতে, এবার বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪