আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার কৃষকদের জন্য এক বিশাল ‘নতুন বাজার’ তৈরির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের অর্থ ব্যবহার করে ইরানের জন্য আমেরিকার শস্য পণ্য কেনা হবে।
হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) তিনি এই তথ্য জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান বর্তমানে খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরানের টাকা ব্যবহার করে দেশটির জন্য আমেরিকার উৎপাদিত গম, সয়াবিন এবং ভুট্টা কেনার পরিকল্পনা করেছে।
নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প বলেন, আমাদের সামনে এখন চমৎকার এক নতুন বাজার উন্মোচিত হতে যাচ্ছে, আর তা হলো ইরানের সুন্দর দেশ।
রসিকতা করে তিনি উপস্থিত সবার উদ্দেশে প্রশ্ন করেন, জায়গাটি খুবই সুন্দর। আপনাদের কেউ কি সেখানে বেড়াতে যেতে চান? হ্যাঁ, আমি ইরানের কথাই বলছি। তারা এখন খাবার নিয়ে বেশ কষ্টে আছে। তাই আমরা তাদেরই কিছু আটকে থাকা অর্থ নিতে যাচ্ছি এবং তা খরচ করে আমেরিকার কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনব।
ট্রাম্প আরও জানান, এই পুরো প্রক্রিয়াটি খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্রের কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
রিপোর্টার্স/এসএন