| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ভারত ও পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ২২:১৫:২৪:অপরাহ্ন  |  ৬০০ বার পঠিত
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ভারত ও পাকিস্তান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন রাজধানী কাবুল থেকে শুরু করে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল এবং ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যে অনুভূত হয়েছে। আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, শনিবার সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

অন্যদিকে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৬ বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, যা দীর্ঘদিন ধরেই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের জন্য পরিচিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জুরম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণে। গভীরতার কারণে এর কম্পন শত শত কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের কম্পন ভারতের দিল্লি, জম্মু-কাশ্মীর এবং উত্তর ভারতের আরও কয়েকটি রাজ্যে অনুভূত হয়। কম্পন টের পেয়েই বহু মানুষ ভবন ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। একইভাবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, পেশোয়ার ও ইসলামাবাদসহ বিভিন্ন এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোয়াত জেলার বাসিন্দা দানিয়াল আহমদ রয়টার্সকে বলেন, ‘কম্পনটি এখানে অনেক শক্তিশালী ছিল এবং বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। মানুষ দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে, নারী ও শিশুরা আতঙ্কে কান্নাকাটি করছিল।’

তবে এখন পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান কিংবা ভারতে এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ চলছে।

এর আগে একই দিনে পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইএমএসসি। ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে দিনজুড়ে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করে।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। অতীতেও এ অঞ্চলে একাধিক প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪