| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭ কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ০৪:৪০:০৩:পূর্বাহ্ন  |  ১৩৮৯ বার পঠিত
ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে ৪৭ জন সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।

আইএনএর প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সংসদ সদস্য (এমপি), তেল মন্ত্রণালয়ের কর্মকর্তা, সাবেক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন।

ইরাকের সততা কমিশন জানিয়েছে, দীর্ঘদিনের নজরদারির পর রাজধানী বাগদাদে রাতভর বিশেষ অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানে রাজধানীর কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনেও তল্লাশি চালানো হয়েছে। এ এলাকায় বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, কূটনৈতিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যালয় অবস্থিত।

স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসায়ী আলী আল-জাইদিকে গত এপ্রিলে সরকার গঠনের জন্য দেশটির রাজনৈতিক জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ মনোনীত করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দুর্নীতি দমনকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা দেন।

তবে বিশ্লেষকদের মতে, কয়েক দশক ধরে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে জর্জরিত ইরাকে এ ধরনের অভিযান নতুন নয়। অতীতের বহু প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেননি।

আন্তর্জাতিক দুর্নীতিবিষয়ক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর সর্বশেষ করাপশন পারসেপশনস ইনডেক্সে ১৮২টি দেশের মধ্যে ইরাকের অবস্থান ১৩৬তম। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ইরাক নিয়মিতভাবেই নিচের সারিতে অবস্থান করে আসছে।

নতুন সরকারের এই অভিযান ইরাকে দুর্নীতিবিরোধী লড়াইয়ে কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও গ্রেপ্তারের এ ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪