| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংঘাত বন্ধে দোহায় ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ০৯:০২:২৭:পূর্বাহ্ন  |  ১১৭৫ বার পঠিত
সংঘাত বন্ধে দোহায় ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে চলা সামরিক উত্তেজনার পর আপাতত সংঘাত থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে উভয় দেশ আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার গভীর রাতে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, উভয় পক্ষ সাময়িকভাবে সংঘাত থেকে সরে আসতে সম্মত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে তেহরানের চূড়ান্ত অবস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।

আরেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সাম্প্রতিক সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা।

গত সপ্তাহজুড়ে পাল্টাপাল্টি হামলার কারণে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা প্রক্রিয়া নতুন করে চাপের মুখে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

এদিকে আল জাজিরার ওপেন সোর্স ইউনিটের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে মোট ৪৮টি জাহাজ চলাচল করেছে।

এর মধ্যে ২৩টি ছিল তেল ও গ্যাসবাহী ট্যাংকার, সাতটি বাল্ক ক্যারিয়ার এবং ১৯টি কার্গো ও কনটেইনারবাহী জাহাজ। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে জাহাজ চলাচলের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সর্বশেষ উত্তেজনা শুরুর আগে গত বুধবার হরমুজ প্রণালি দিয়ে ৭০টি এবং বৃহস্পতিবার ৫৪টি জাহাজ চলাচল করেছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশ আপাতত সামরিক কর্মকাণ্ড স্থগিত রেখে কূটনৈতিক আলোচনায় ফিরে যেতে নীতিগতভাবে সম্মত হয়েছে। একই সঙ্গে দোহার বৈঠকে সমঝোতা স্মারকের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কারিগরি প্রতিনিধিদলের প্রধান নিক স্টুয়ার্টও দোহায় অনুষ্ঠেয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, দোহার বৈঠক সফল হলে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪