| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৪:৪২:১৮:অপরাহ্ন  |  ৩৮৭ বার পঠিত
নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে নতুন আরও তিনটি উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া চট্টগ্রামে নতুন হালদা থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশবিশেষ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়েছে।

নিকারের প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হবে বাঙ্গরা উপজেলা। একইভাবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে দক্ষিণ গফরগাঁও উপজেলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের এ বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪