| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৫:৫০:৩০:অপরাহ্ন  |  ৫৫৯ বার পঠিত
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। বুধবার (১ জুলাই) থেকে নতুন ইউনিফর্মে মাঠে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের।

৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের অংশ হিসেবে ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে সেই সিদ্ধান্ত সংশোধন করা হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার নতুন রঙের ইউনিফর্ম কার্যকর করা হয়েছে।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে দেখা যায় হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা সেটিই পরে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। সেই সময় ইউনিফর্ম পরিবর্তনের দাবিও ওঠে। পরে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্টের রং করা হয়েছিল লোহা-ধূসর (আয়রন গ্রে) এবং প্যান্টের রং কফি-শেল বা কফি-বাদামি ধূসর। সেই ইউনিফর্ম পরে গত বছরের ২৫ নভেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সদস্যরা।

তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই নতুন রঙের পোশাক নিয়ে আপত্তি জানান এবং ইউনিফর্মের নকশা ও রঙ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।

নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙ ও নকশায়ও পরিবর্তন আনা হয়।

নতুন বিধান অনুযায়ী, আগে লোহা-ধূসর শার্টের সঙ্গে একই রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের নিয়ম ছিল। নতুন প্রজ্ঞাপনে তার পরিবর্তে নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের, যার সামনে থাকবে চারটি পকেট এবং সমদূরত্বে সাতটি বোতাম।

নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া নারী পুলিশ সদস্যরা চাইলে অনুমোদিত মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরেও দায়িত্ব পালনের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে মৌসুমভিত্তিক পোশাকের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে। মাথার আবরণ ব্যবহারের ক্ষেত্রে সেটি অনুমোদিত গাঢ় নীল রঙের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪