| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিবাদী সরকারের সহযোগীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১৭:৩৭:৩০:অপরাহ্ন  |  ৩৩০ বার পঠিত
ফ্যাসিবাদী সরকারের সহযোগীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিগত ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রশাসনের যেসব কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, এ বিষয়ে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনে দায়বদ্ধতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে যারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের শৃঙ্খলা ও নৈতিকতা প্রসঙ্গে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কর্মকর্তার নৈতিক স্খলন বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাকে সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় মামলা দায়ের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেই তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তার ডোসিয়ারে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিবেচনায় আসে।

তিনি জানান, কর্মকর্তাদের নৈতিকতা ও পেশাগত দক্ষতা বাড়াতে চলতি ২০২৫–২৬ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উদ্যোগে ছয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে ১৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ বছর আরও আটটি প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সিভিল সার্ভিসের সব বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সে দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও শিষ্টাচারবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিন সরকারি চাকরির শূন্য পদের চিত্রও তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর বিপরীতে শূন্য রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ।

তিনি আরও জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে রয়েছেন ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিসিএস নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় অনেক দ্রুত করা হচ্ছে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে সময় লেগেছিল ৩ বছর ৭ মাস। ৪৫তম বিসিএসে তা কমে ২ বছর ১১ মাস ২৭ দিন, ৪৬তম বিসিএসে ২ বছর ২ মাস ৯ দিন এবং ৪৭তম বিসিএসে বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বর্তমানে সরকারি চাকরিতে নারী কর্মকর্তা-কর্মচারীর হার ২৯ শতাংশ বলেও জানান তিনি।

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য কোনো প্রভাব যাতে না থাকে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মেধা, সততা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪