স্টাফ রিপোর্টার: রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানিয়েছেন, টেলিটককে আরও আধুনিক, সক্ষম ও প্রতিযোগিতামূলক অপারেটর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের (সিটিজে) সদস্য ও তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ দেখালেও সরকার প্রতিষ্ঠানটি বিক্রি করবে না। বরং রাষ্ট্রীয় মালিকানায় রেখে এর সক্ষমতা বাড়ানো হবে।
তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমরা বিক্রি করব না। আমরা টেলিটককে আপগ্রেড করব। প্রতিযোগিতামূলক এ বাজারে রাষ্ট্রীয় অপারেটরের উপস্থিতি প্রয়োজন।
সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন সরকারের কাছে পাঠানো এক প্রস্তাবে টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বে কাজ করার আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার প্রস্তাবও দেওয়া হয়। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদ’-এ বিনিয়োগ বা অংশীদার হওয়ার আগ্রহ জানায় প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে মন্ত্রী জানান, টেলিটককে বিক্রি না করে উন্নত প্রযুক্তি ও সেবার মাধ্যমে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মতবিনিময় সভায় ‘নগদ’-এর ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী। নগদ বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানটি নিয়ে মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নগদ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।
তিনি বলেন, একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা উদ্ধার করা খুবই কঠিন।
উল্লেখ্য, গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভিওনের চেয়ারম্যান অগি কে ফাবেলা বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সহায়তার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ভিওন নিজস্ব অর্থায়নে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং বাকি অর্থ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথা জানায়।
রিপোর্টার্স২৪/ধ্রুব