| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে রিসোর্টে আগুনে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনের মৃত্যু, প্রাণে বাঁচলেন নুরে আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১২:০১:৫৫:অপরাহ্ন  |  ১১১৩ বার পঠিত
কক্সবাজারে রিসোর্টে আগুনে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনের মৃত্যু, প্রাণে বাঁচলেন নুরে আলম

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: কক্সবাজারের ইনানী বিচের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে স্ত্রী, শিশুসন্তান ও শ্যালক-শ্যালিকাসহ ছয় স্বজনকে হারিয়েছেন বরিশালের উজিরপুরের নুরে আলম। অফিসের কাজে ঢাকায় থাকায় প্রাণে বেঁচে গেছেন তিনি। এ ঘটনায় তাঁর আরও তিন স্বজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নুরে আলম বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের বাসিন্দা। তিনি ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে চুয়াডাঙ্গায় কর্মরত ছিলেন।

পরিবারের সদস্য ও শ্বশুরবাড়ির স্বজনদের নিয়ে ছুটি কাটাতে কক্সবাজারে গিয়েছিলেন নুরে আলম। বুধবার সবাইকে নিয়ে ইনানী বিচের একটি রিসোর্টে ওঠেন তিনি। সেখানে একদিন অবস্থানের পর প্রতিষ্ঠানের ঢাকা অফিসের কাজে স্ত্রী ফারিয়া কবির (৩৩), পাঁচ বছর বয়সী ছেলে ফাইজান নূর এবং অন্য স্বজনদের রিসোর্টে রেখে ঢাকায় চলে যান তিনি।

এরপর গত শনিবার (১৭ অক্টোবর) ওই রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নুরে আলমের স্ত্রী ও শিশুসন্তানসহ ছয় স্বজনের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর আরও তিন স্বজন আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে কক্সবাজারে গিয়ে এমন মর্মান্তিক পরিণতির মুখোমুখি হওয়ায় শোকস্তব্ধ নুরে আলম। স্ত্রী-সন্তানসহ ছয় স্বজনকে হারানোর খবরে তাঁর গ্রামের বাড়ি উজিরপুরের গাজিরপাড় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর বেদনায় শোকাহত পরিবার ও এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪