| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ২০:১০:৪৭:অপরাহ্ন  |  ৯৬২ বার পঠিত
শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পুঁজিবাজারে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও কারসাজির বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে অনুসন্ধান চালিয়েছে। এ অনুসন্ধানে কয়েকজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে। পাশাপাশি অভিযুক্তদের তালিকা অধিকতর তদন্তের জন্য দুদকের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয়ের পেছনে একাধিক কারণ ছিল। এর মধ্যে বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম নিয়ন্ত্রণ, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও বন্ড ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘদিনের তদারকির ঘাটতি এবং সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ার বিষয়গুলো উল্লেখযোগ্য।

বিমা কোম্পানিগুলোর অনিয়ম নিয়েও তদন্ত শুরু হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত চিত্র সামনে আসবে।

সংসদে কৃষি খাতের আধুনিকায়নে প্রযুক্তিনির্ভর উদ্যোগের বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব সরকার যাচাই-বাছাই করে দেখবে।

এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ এবং ধাপে ধাপে বেতন বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সরকারি প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪