| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১৪:২৪:৪১:অপরাহ্ন  |  ১০৬৯২৪ বার পঠিত
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী (চতুর্দশ) জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত আপিল খারিজের রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইনশাআল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।”

এদিকে, রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলো আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।

তিনি জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে করা রিটের রায়ে হাইকোর্ট চারটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, গণভোটের বিধান ফিরিয়ে আনা এবং সংবিধানের ৭ক ও ৭খ অনুচ্ছেদ বাতিল। আপিল বিভাগ আপিল খারিজ করায় এসব বিষয়ে হাইকোর্টের রায় বহাল থাকল।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তিসহ সংবিধানের বিভিন্ন ধারায় পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়।

এ সংশোধনীর মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সংবিধানে জাতীয় চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪