চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সফরকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের পক্ষে রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে সোচ্চার এবং সরকারের ঘোষিত প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন এখন জনগণ প্রত্যাশা করছে।
তিনি উল্লেখ করেন, এত বড় অবকাঠামোগত উদ্যোগ সম্পন্ন করতে সময় লাগা স্বাভাবিক। তবে পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রগতি ও কার্যক্রমের দৃশ্যমানতা জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন স্থানে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নালা-নর্দমার অপ্রতুলতা ও রক্ষণাবেক্ষণের অভাব দূর করে স্থায়ী সমাধান নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
রাজনৈতিক দলগুলোর ভূমিকা সম্পর্কে তিনি বলেন, জনসাধারণের সমস্যা তুলে ধরা তাদের দায়িত্বের অংশ। পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের সহায়তায়ও তারা কাজ করে যাচ্ছেন বলে জানান বিরোধীদলীয় এই নেতা।
রিপোর্টার্স২৪/এম এইচ