নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, একটি দেশ ও জাতিকে বিশ্বের মানচিত্রে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষার বিকল্প নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। গত বাজেটেও এ খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম ও প্রধান শিক্ষক আফসার আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
রিপোর্টার্স২৪/রাফিদ