স্টাফ রিপোর্টার: দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে উত্তর-পূর্ব, পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে পাউবো জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। একই সঙ্গে দেশের কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট, মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা পয়েন্ট, খোয়াই নদীর বাল্লাহ পয়েন্ট, মনু নদীর মনু রেলসেতু ও মৌলভীবাজার পয়েন্ট এবং কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে।
পাউবো জানিয়েছে, আগামী দুই দিনে সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সীমান্তবর্তী নদীগুলোর পানি আরও বাড়তে পারে।
সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদী ব্যবস্থার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে কুশিয়ারা নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সুরমা নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি ধীরে কমে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কয়েকটি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলে হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কিছুটা কমেছে। এতে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা থাকলেও গোমতী, মুহুরী, ফেনী ও হালদা নদীর কিছু অংশে পানি বাড়লে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে।
অন্যদিকে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি