নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সকাল সোয়া ১০টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুইটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন হোস্টেল নির্মাণের মাধ্যমে মেডিক্যাল শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকটাই কমবে।
এছাড়া অনুষ্ঠানে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী অংশ নেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসা শিক্ষা এবং অবকাঠামো সম্প্রসারণ নিয়ে বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কলেজ প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ দীর্ঘ আট দশক ধরে দক্ষ চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ চিকিৎসা শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে ইতিবাচক বার্তা দেবে।
রিপোর্টার্স২৪/এম এইচ