সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন বলেছেন, “দুর্যোগ-দুর্দিনে মানুষের পাশে বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত স্বয়ং নিজে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেও সরকারের কোনো মন্ত্রীদের দেখা যায় না।
তিনি বলেন, জাতীয় সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের যেকোনো প্রয়োজনে সবার আগে, সবখানে ছুঁটে যায়। চট্রগ্রামে বন্যা দুর্গতদের পাশে সরকার না থাকলেও জামায়াতে ইসলামীর আমীর ছুঁটে গেছেন। জামায়াতে ইসলামী সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িছে। কিন্তু জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা আছে বলে সরকার মনে করে না। দ্রুত রাষ্ট্রীয় সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পামে দাঁড়াতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার (১১ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানেতিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতেই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হয়েছে”। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকে ৪ দফা কর্মসূচি নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে। তারমধ্যে অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজের মানুষের প্রয়োজনে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজকে মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামী কেবল ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে না, বরং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী-শুভাকাঙ্খীদের অর্থায়নে পরিচালিত হয়। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় বসলেও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন নেই! বিটিভি, রেডিও সহ রাষ্ট্রীয় সকল প্রচার মাধ্যমে জুলাইয়ের দিনগুলোতে আওয়ামী লীগ কর্তৃক পরিচালিত গণহত্যার চিত্র তুলে ধরে ব্যাপক প্রচারণার উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে জুলাই শহীদদের স্মরণে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ডা. তোফাজ্জল হোসেন, মতিঝিল দক্ষিণ থানা সেক্রেটারি এডভোকেট ওয়ালীউল্লাহ। এছাড়াও থানা শুরা, কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম