| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ বছরের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ০৬:৩৬:১৯:পূর্বাহ্ন  |  ১৫০৮ বার পঠিত
২৫ বছরের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে ২৫ বছরের যোগ্যতাসম্পন্ন চাকরিকাল পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী স্বেচ্ছায় অবসর নিলে বা পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সম্প্রতি দেওয়া এ রায়ে হাইকোর্টের আগের সিদ্ধান্ত বাতিল করে সরকারি চাকরিতে পেনশন সুবিধার ক্ষেত্রে নির্ধারিত চাকরিকালের শর্ত বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। গত ৯ জুলাই আপিল বিভাগের ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ গত ১১ মার্চ এ রায় দেন। রায়ের মূল অংশ লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ে আপিল বিভাগ বলেন, সরকারি চাকরি কেবল স্বল্পমেয়াদি জীবিকার মাধ্যম নয়; এটি একটি সুসংগঠিত পেশাজীবন। এখানে ধারাবাহিকতা, জবাবদিহি, শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক আনুগত্য গুরুত্বপূর্ণ। ২৫ বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার আগেই অবসর সুবিধা দেওয়ার সুযোগ থাকলে সরকারি চাকরিতে দীর্ঘমেয়াদি অঙ্গীকার ও স্থিতিশীলতা দুর্বল হতে পারে।

আদালত আরও বলেন, নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই পূর্ণ পেনশন সুবিধা পাওয়ার সুযোগ থাকলে কেউ কেউ সরকারি চাকরিকে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বা মর্যাদা অর্জনের একটি সাময়িক মাধ্যম হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত সুবিধার জন্য চাকরি ছেড়ে দিতে পারেন। এতে জনবল পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

মামলার সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে তিনি এককালীন পেনশন ও আনুতোষিক সুবিধার জন্য আবেদন করেন। তবে কর্তৃপক্ষ জানায়, ২৫ বছরের চাকরিকাল পূর্ণ না হওয়ায় তিনি পেনশন পাওয়ার যোগ্য নন।

এরপর বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) বিধি-৩০০ এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন মাহবুব মোরশেদ। শুনানি শেষে ২০২১ সালে হাইকোর্ট সরকারি চাকরি থেকে পদত্যাগের কারণে পেনশন না পাওয়ার বিধানকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেন এবং তাকে পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দেন।

পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে চলতি বছরের ১১ মার্চ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন।

বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি-৩০০ (এ) অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে বা নির্দিষ্ট কারণে চাকরি হারালে আগের চাকরিকাল পেনশনের জন্য গণনাযোগ্য থাকে না। তবে অন্য কোনো পেনশনযোগ্য সরকারি চাকরিতে যোগদানের উদ্দেশ্যে পদত্যাগ করলে তা ব্যতিক্রম হিসেবে বিবেচিত হয়।

রায় পর্যালোচনার বিষয়ে মাহবুব মোরশেদ জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪