| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৪:৩৬:০৯:অপরাহ্ন  |  ১৩৪৬ বার পঠিত
উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখায় অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি ছিল বলেও দাবি করেন তারা।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

এর আগের দিন মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বন্যা ও জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪