| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবরোধে সায়েন্সল্যাবে স্থবির যান চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৫:২৩:৩৩:অপরাহ্ন  |  ১৭৭১ বার পঠিত
অবরোধে সায়েন্সল্যাবে স্থবির যান চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ

রিপোর্টার্স২৪ ডেস্ক: তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমে রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের আগে সড়কে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে রাজধানীর ব্যস্ততম এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও পথচারীরা।

বুধবার দুপুর আড়াইটার পর সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা দল বেঁধে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে থাকেন। পরে তারা সড়কে বসে পড়লে চারপাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ছিল পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড। এ সময় তারা ‘দফা এক, দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন।

অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক যাত্রীকে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

অবরোধে আটকে থাকা যানবাহনের চালকরাও ক্ষোভ প্রকাশ করেন। ঠিকানা পরিবহনের চালক মোজাম্মেল বলেন, গাড়ি নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তা বন্ধ। এখন যেতে দিচ্ছে না। কখন রাস্তা ছাড়বে, সেটাও জানি না।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪