স্টাফ রিপোর্টার: বাংলাদেশে উচ্চগতির রেল যোগাযোগ সম্প্রসারণে ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেলপথে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা অবস্থানে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ অবকাঠামো ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডোরের আওতায় বিভিন্ন অবকাঠামো প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে বুলেট ট্রেন চালুর সম্ভাবনা এবং চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষিপণ্য রপ্তানির বিষয়ে ইয়াও ওয়েন জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের তাজা কাঁঠাল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রটোকল সই হয়েছে। এর ফলে আমের পর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালও চীনের বৃহৎ বাজারে রপ্তানির সুযোগ পাবে, যা দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই সমাধান খুঁজে বের করতে চীন তার মধ্যস্থতামূলক ভূমিকা অব্যাহত রাখবে।
রিপোর্টার্স২৪/বাবি