| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ আন্তর্জাতিক চন্দ্র দিবস

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ১০:২৫:৩২:পূর্বাহ্ন  |  ২১৫৮০২ বার পঠিত
আজ আন্তর্জাতিক চন্দ্র দিবস

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ ২০ জুলাই পালিত হচ্ছে। ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ‘মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা’ শীর্ষক ৭৬/৭৬ প্রস্তাবের মাধ্যমে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর মূল উদ্দেশ্য চাঁদ অনুসন্ধান, চন্দ্রবিজ্ঞান ও মহাকাশে শান্তিপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।

১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো-১১ অভিযানে প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন ‘বাজ’ অল্ড্রিন জুনিয়র। মানব ইতিহাসের সেই ঐতিহাসিক সাফল্যের স্মরণেই প্রতিবছর এ দিনটি পালিত হয়। চাঁদে প্রথম মানুষের অবতরণ শুধু যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানের সাফল্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই এক অনন্য অর্জন হিসেবে বিবেচিত।

জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক চন্দ্র দিবস পালনের মাধ্যমে চাঁদ ও মহাকাশ অনুসন্ধানে বিভিন্ন দেশের অর্জনকে সম্মান জানানো হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ গবেষণায় উদ্বুদ্ধ করা হবে। একই সঙ্গে চাঁদ ও মহাকাশের শান্তিপূর্ণ ও টেকসই ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরিও এ দিবসের লক্ষ্য।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের সদস্যরাষ্ট্র, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, বেসরকারি সংগঠন এবং সাধারণ নাগরিক সমাজকে নানা কর্মসূচির মাধ্যমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্বজুড়ে শিক্ষা, গবেষণা ও মহাকাশবিষয়ক প্রতিষ্ঠানগুলোতে এ দিনটি ঘিরে আলোচনা, প্রদর্শনী ও স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়।

দীর্ঘ মানবসভ্যতার ইতিহাসে চাঁদ সবসময়ই কৌতূহল, কল্পনা ও গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে আছে। তাই আন্তর্জাতিক চন্দ্র দিবস কেবল এক ঐতিহাসিক মুহূর্তের স্মরণ নয়, বরং ভবিষ্যতের মহাকাশ অভিযাত্রারও অনুপ্রেরণা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪