| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনে এক বেলা পাউরুটি-বিস্কুটেই ভরসা ৮৮% নিম্ন আয়ের মানুষের

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ০৯:০৫:১৫:পূর্বাহ্ন  |  ১৯৪৯৮৪৩ বার পঠিত
দিনে এক বেলা পাউরুটি-বিস্কুটেই ভরসা ৮৮% নিম্ন আয়ের মানুষের
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক:

দেশের ৮৮ শতাংশ নিম্ন আয়ের মানুষ দিনে অন্তত এক বেলা পাউরুটি বা বিস্কুট খেয়ে থাকেন। ইয়ুথ পলিসি নেটওয়ার্ক পরিচালিত এক জরিপে উঠে এসেছে, ১০–১৫ হাজার টাকা মাসিক আয়কারীদের মধ্যে ৬০ শতাংশ সকালের খাবার খান না সময় ও দামের কারণে।

জরিপটি দেশের ১৫টি স্থানে ১,০২২ জন মানুষের ওপর পরিচালিত হয় চলতি বছরের মার্চ মাসে। এতে দেখা যায়, অর্থাভাবে ৯৯ শতাংশই কোনো না কোনো সময় ভারী খাবার বাদ দেন। এর বদলে তারা গ্রহণ করেন পাউরুটি, কলা বা বিস্কুট।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ও ভ্যাট’ শীর্ষক সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‌“পাউরুটি ও বিস্কুটের মতো পণ্যে ভ্যাট থাকা উচিত কি না, তা একটি নীতিগত বিতর্ক। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের চাপে কিছু সিদ্ধান্ত নিতে হয়। তবে ব্যবসায়ীরা যেন বাড়তি ভ্যাট পুরোপুরি ভোক্তার ওপর না চাপিয়ে দেন, তা নজরদারিতে রাখা হবে।”

সেমিনারে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিস্কুট ও পাউরুটির ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ৭০% নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা ছিল এসব নিত্যপণ্যের ওপর কর কমবে।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া ও প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা।

শফিকুর রহমান বলেন, ‌“বাজারে বিস্কুট-পাউরুটি এখন নিত্যপণ্য। এতে ভ্যাট আরোপ না করে সরকারের উচিত অন্য খাত থেকে রাজস্ব সংগ্রহ করা।”

এনবিআর চেয়ারম্যান জানান, চলতি ২০২৪–২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। অনলাইনে আয়কর রিটার্ন জমা ৫ লাখ থেকে বেড়ে ১৭ লাখে পৌঁছেছে। জুলাই থেকে রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের লক্ষ্যে দেশের শুল্কহারও ধাপে ধাপে কমানো হবে। তবে এসব কাঠামোগত সংস্কারে নাগরিকদের সহনশীলতা ও সহায়তা প্রয়োজন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪