নিজস্ব প্রতিবেদক:
দেশের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দুই পুত্রবধূসহ খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার এম্বুলেন্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর এলাকায় ভিড় করেছেন নেতা–কর্মীরা। পুরো এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।
মঙ্গলবার সকাল থেকেই দলের নেতা–কর্মীরা বিমানবন্দর এলাকায় আসতে শুরু করেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে. সঙ্গে ব্যানার–ফেস্টুন নিয়ে এসেছেন তারা। দিচ্ছেন নানা স্লোগান। বাস বা অন্য যানবাহনে বিমানবন্দরে পৌঁছাচ্ছেন বিএনপি নেতা–কর্মীরা। এতে ওই এলাকায় যানবাহনের চাপও বেড়েছে।
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশের পথে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন। দলটির জ্যেষ্ঠ নেতাদের আশা, দেশে ফিরে আগের মতোই দলের নেতৃত্ব দেবেন তিনি।
এদিকে যানজট ও জনদুর্ভোগ এড়াতে খালেদা জিয়ার গাড়ির আশপাশে ভিড় না জমাতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়েও ইতোমধ্যে আইনশৃঙ্খলার বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। পরে ২৫ জানুয়ারি থেকে তিনি তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।
রিপোর্টার্স২৪/এসবি