| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ২১:৩৩:৩৮:অপরাহ্ন  |  ৪৮০ বার পঠিত
বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজত

স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হেফাজতে ইসলাম। ভারতের পুতুল হিসেবে পরিচিত পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।

হেফাজত নেতারা আরও বলেন, জুলাই বিপ্লবের ছাত্র-জনতা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় ভারতের দিল্লির সাউথ ব্লক ভীত। এ কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এ দেশে ভারতের আরও যেসব চিহ্নিত সম্পদ রয়েছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে।

বিবৃতিতে তারা বলেন, বর্তমান বাংলাদেশ আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবারের বাংলাদেশ নয়। এই বাস্তবতা বদলে গেছে। ভারতের এখন হুঁশে ফেরা উচিত। শেখ হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দিয়ে দেশের সার্বভৌমত্ব হরণের ষড়যন্ত্র করেছিল ভারত।

বিবৃতিতে বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েটছাত্র আবরার ফাহাদ, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে হেফাজত নেতারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। তারা বলেন, ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এসব হত্যাকাণ্ড ঘটেছে। এসব রক্তের দায় ভারতকে একদিন শোধ করতে হবে।

হেফাজত নেতারা আরও অভিযোগ করেন, নিজেদের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ছড়াচ্ছে। ২০২৪ সালে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও প্রোপাগান্ডা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে। জুলাই বিপ্লবের ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, তা প্রমাণ করেছে। সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে তারা বিশ্বাস করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪