| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রিকসে আসতে নারাজ তারেক রহমান, চেষ্টা দ্বিপাক্ষিকের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১১:৩৩:১৭:পূর্বাহ্ন  |  ১৫৬ বার পঠিত
ব্রিকসে আসতে নারাজ তারেক রহমান, চেষ্টা দ্বিপাক্ষিকের

রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রিকসের ‘আউটরিচ সেশন’-এ বিমসটেকের সভাপতি হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে ঢাকা এ অবস্থানের কথা জানিয়েছে।

সূত্রের দাবি, প্রথম ভারত সফরেই কোনো বহুপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে দিল্লি যেতে আগ্রহী নন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার পক্ষ থেকে মনে করা হচ্ছে, এ ধরনের বৈঠকে অংশ নিয়ে করমর্দন ও ছবি তোলা ছাড়া বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য কোনো কূটনৈতিক অর্জনের সুযোগ নেই।

বর্তমান স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি গিয়ে যদি দ্বিপাক্ষিক পর্যায়ে উল্লেখযোগ্য কোনো অর্জন ছাড়াই দেশে ফেরেন, সেটি বিএনপির রাজনীতির জন্যও ইতিবাচক হবে না বলে মনে করছে ঢাকা। কারণ, রাষ্ট্রীয় সফরের মতো দ্বিপাক্ষিক প্রতিনিধিদলের বৈঠক, যৌথ বিবৃতি কিংবা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা ব্রিকসের আউটরিচ সেশনের সঙ্গে নেই।

তবে তারেক রহমান ব্রিকসের অনুষ্ঠানে যোগ না দিলেও দ্বিপাক্ষিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে শীর্ষ বৈঠকে আগ্রহী ভারত। সরকারি সূত্রের খবর, ঢাকাকে জানিয়ে দেওয়া হয়েছে খুব শিগগিরই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করতে চায় দিল্লি।

ভারতের পক্ষ থেকে এমনও বলা হয়েছে, শেখ হাসিনার সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর থেকে বিরত থাকেন, তাহলে বাংলাদেশ একটি ‘ঐতিহাসিক ভুল’ করবে। ভারতের দাবি, এর ফলে গঙ্গার পানি বণ্টন চুক্তি, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়তে পারে দুই বাংলার পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রেও।

ভারতের একটি সরকারি সূত্রের বক্তব্য, প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফরে গেলে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হবে এবং লাল কার্পেট অভ্যর্থনা দেওয়া হবে। একই সূত্রের মতে, ভারতের আমন্ত্রণে বাংলাদেশ এখন মুখ ফিরিয়ে নিলে দ্বিপাক্ষিক সহযোগিতা অনেকটাই পিছিয়ে যেতে পারে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ছয় মাসের কর্মসূচিতে নতুন করে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সময় বের করা সহজ হবে না।

ঢাকা থেকে ফিরে গতকালই ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এরপর থেকেই প্রশ্ন উঠেছে—ব্রিকসের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী না গেলেও তার আগে কি স্বল্পমেয়াদি কোনো রাষ্ট্রীয় বা দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন তিনি?

এদিকে, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বিষয়টি নিয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই দফায় আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে একটি আমন্ত্রণ ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের পর শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের জন্য। অন্যটি ব্রিকসের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য।

কূটনৈতিক মহলের সূত্র বলছে, ব্রিকসের অনুষ্ঠানে অংশগ্রহণের পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তারেক রহমানের মধ্যে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আয়োজনের চেষ্টা চলছে। ঢাকার সূত্রের খবর, দ্বিপাক্ষিক সফর নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তবে এই সফর ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরকে ঘিরে দেশের মানুষের পাশাপাশি রাজনৈতিক দল ও জোটসঙ্গীদের মধ্যেও ব্যাপক প্রত্যাশা তৈরি হবে। বিশেষ করে কূটনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় স্বার্থে কী অর্জন নিয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অন্যদিকে, শেখ হাসিনার সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। ওই বক্তব্যের পর বাংলাদেশের পক্ষ থেকে যে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে, তাতে দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া তিক্ততা কমাতে উভয় পক্ষকেই বাড়তি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, ব্রিকসের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, নয়াদিল্লির সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার পথ খোলা রাখছে ঢাকা। এখন দেখার বিষয়, ব্রিকসের বহুপাক্ষিক মঞ্চ এড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা দ্বিপাক্ষিক সফরে দিল্লি যান কি না এবং গেলে সেই সফর থেকে বাংলাদেশ কী ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক অর্জন ঘরে তুলতে পারে।

সূত্র: আনন্দবাজার


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪