| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৯:৪০:৪৪:অপরাহ্ন  |  ২৫৫৩৭৭ বার পঠিত
উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল স্টাফদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানের কারণে ওই চীনা নাগরিকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে হোটেলের ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি প্রথমে একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত আরও তিন চীনা নাগরিক গুও পেংফেই (GUO PENGFEI), গাও ঝেনলিয়াং (GAO ZHENLIANG) ও লিউ হাওলিন দেখতে পান। তারা তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।

এদিকে, হোটেলটিতে মদ বিক্রি বা সেবনের কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। কর্মকর্তাদের ভাষ্য, ওই হোটেলে মদ সরবরাহের অনুমোদন না থাকলেও পাশের একটি বার থেকে নিয়মিত সেখানে মদ সরবরাহ করা হতো।

ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর শনিবার সন্ধ্যায় এশিয়া পোস্টকে বলেন, ‘হোটেল থেকে একজন চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি খালিদ মুনসুর বলেন, ‘ওই চীনা নাগরিক মদ্যপ অবস্থায় থাকার প্রমাণ আমরা পেয়েছি। ধারণা করা হচ্ছে, সেই কারণেই তার মৃত্যু হয়েছে।’

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪