রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সময়ে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সংকটকে পুঁজি করে দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
বিএনপি রাজপথে থেকেই আন্দোলন করেছে এবং কখনো গুপ্ত অবস্থান থেকে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি। এমন দাবি করে দলটির চেয়ারম্যান বলেন, গুপ্তদের মধ্য থেকে কি কেউ অরাজকতা তৈরির চেষ্টা করছে? তা হলে তারাই কি স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। স্বৈরাচার কি আবার গুপ্তদের মাঝে গুপ্ত হয়ে আছে? একজন আরেকজনকে আড়াল করার চেষ্টা করছে?
প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার দৃঢ়ভাবে কাজ করবে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
চলমান জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারেক রহমান। জনগণের পাশে থেকে সংকট মোকাবিলায় সহযোগিতা করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম