| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৯:৪৮:৫৮:অপরাহ্ন  |  ৯৯৭ বার পঠিত
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা

বগুড়া প্রতিনিধি: সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন বগুড়ার গাবতলীর তরুণ সমাজসেবক  আতিকুল ইসলাম বিপ্লব। তিনি সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র  যুগ্ম আহ্বায়ক এবং বগুড়া জেলা যুব কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক। পুরস্কারের পাশাপাশি তিনি পেয়েছেন বিশেষ অনুদান।

গত শনিবার (১৭ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও সংগঠনের প্রতিনিধির হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দেশের ৪৩২টি সংগঠনকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে যুক্ত ছিলেন।

আতিকুল ইসলাম বিপ্লব বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপুর গ্রামের বাসিন্দা। তার বাবা সোলায়মান আলী মণ্ডল। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে গাবতলী ও আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।

বিপ্লবের সমাজসেবামূলক কার্যক্রমের শুরু ২০০৯ সালে। ওই বছর তিনি প্রতিষ্ঠা করেন ‘করিমপাড়া জনকল্যাণ যুব সংঘ’। পরে ২০১৬ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘জামিরবাড়ীয়া হাট জনকল্যাণ যুব সংঘ’। ২০২৫ সালে সংগঠনটির নিবন্ধন পান তিনি।

সংগঠনটির মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও মাদকের কুফলবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজন করা হয় সচেতনতামূলক সভা। পাশাপাশি বেকার যুবকদের মৎস্য চাষের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছেন বিপ্লব।

পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ উন্নয়নেও কাজ করছেন তিনি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় জামিরবাড়ীয়া হাট গ্রামকে বায়োগ্যাস পল্লীতে রূপান্তরের উদ্যোগ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পরিচালনা করেন।

শিক্ষা বিস্তারে অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তির দায়িত্ব নেওয়া, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র আল-কোরআন বিতরণ এবং ক্রীড়াসামগ্রী প্রদান করেছেন তিনি। তীব্র গরমে শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও বিভিন্ন মসজিদে ফ্যান বিতরণের উদ্যোগও নিয়েছেন।

স্বাস্থ্য ও মানবিক সেবায় ক্যানসার আক্রান্ত শিশু বিপুলের চিকিৎসায় সহযোগিতা, প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত খাদ্যসামগ্রী দেওয়া এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করেছেন বিপ্লব। করোনাকালে নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া ট্রেনে কাটা পড়ে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার মতো মানবিক কাজও করেছেন তিনি।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদেরও সহযোগিতা করেছেন বিপ্লব। তাঁদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা স্মারক বিতরণ করেন তিনি।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে আতিকুল ইসলাম বিপ্লব বলেন, ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই আমি সামাজিক সেবামূলক কার্যক্রমে নিজেকে যুক্ত করেছিলাম। আজকের প্রধানমন্ত্রী আমাদের গাবতলীর কৃতী সন্তান, আমার আইডল। তাকে অনুসরণ করেই আজ আমি ‘সমাজসেবা ও জনকল্যাণ’ ক্যাটাগরিতে জাতীয়ভাবে নির্বাচিত হয়েছি। এই পুরস্কারের অনুভূতি যেন আকাশছোঁয়ার মতো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪