রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের কথা বলা হচ্ছে। নির্ধারিত অভিবাসন ব্যয়ের মধ্যেই কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালিত হলে বিদেশগামী শ্রমিকদের এতটা ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও বিদেশ যাওয়ার প্রস্তুতি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
শুধু ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিই নয়, মালয়েশিয়ার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতেও বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয় কার্যকরভাবে বাস্তবায়ন এবং বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ সফল হলে মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এতে একদিকে যেমন বিদেশ যেতে অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপ কমবে, অন্যদিকে দালালচক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে কর্মীদের যে আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হতে হয়, তা কমিয়ে আনার সুযোগ তৈরি হবে।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও তুলনামূলক কম খরচে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
রিপোর্টার্স২৪/ঝুম