রিপোর্টার্স২৪ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্ত ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, বাড়িটির পুরোনো ও দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিষয়টি সংসদে উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলে বলেন, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ সেখানে কোনো ফরেনসিক দলই যায়নি। একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনা ঘটার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলা যাবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত।
সেখানে একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। ঘরটি দীর্ঘদিন ধরে অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য অবস্থায় ছিল। এর প্রায় ২০ মিটার দূরে অবস্থিত একটি তিনতলা ভবনে সংসদ সদস্যের বাবা-মা বসবাস করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন লাগা টিনশেড ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় এবং দুটি ছাগল ছিল। অগ্নিকাণ্ডে ছাগল দুটি মারা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। এ ছাড়া তিনি নিজে কথা বলে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে সংসদকে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত নাশকতা রয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি একজন সংসদ সদস্যের বাড়িতে ঘটেছে, তাই সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ দল ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
সংসদে বিজিবির একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমা ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয় কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা হামলার বিষয়ে তথ্য দেননি।
এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে আগুন লাগানোর ক্ষেত্রে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি।
ঘটনাস্থলের বিভিন্ন আলামত, দেয়ালের ছবি, অডিও ও ভিডিও সংগ্রহ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবকিছু পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এর বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিং অত্যন্ত দুর্বল ছিল। সেখান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তের প্রতিবেদনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টিই বেশি সম্ভাব্য বলে উঠে এসেছে। তবে এটি এখনো অনুমাননির্ভর। চূড়ান্ত তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পূর্ণাঙ্গ তদন্তের পরই প্রকৃত ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৭০৩, তারিখ ১২ নভেম্বর। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার কোনো ছাড় দেবে না। জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি সামনে এলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম