রিপোর্টার্স২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝায় জর্জরিত না করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, জলবায়ু সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন নির্ভরযোগ্য অর্থায়ন, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) দুপুর ১২টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।
ভাষণের শুরুতে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বের অন্যতম সম্মুখসারির দেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। সবচেয়ে কম দায় থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বড় মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়নের অগ্রযাত্রায় প্রকৃতিকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারেক রহমান।
২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে কাজ চলছে।
এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড (LEED) সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। পরিবেশবান্ধব শিল্পায়নকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ ছাড়া পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও এগিয়ে চলছে।
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বন্যার ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। এর মাধ্যমে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, উপকূলীয় অঞ্চলের পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজ চলছে। এসব বন উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি দেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব, ঋণ নয় অনুদানের ওপর জোর
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত ও উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান অর্থায়ন কাঠামো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রকৃত প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত করতে পারছে না।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর ব্যাপক চাপ তৈরি করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সম্পদ। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর সক্ষমতা আরও সীমিত হয়ে পড়ছে।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে বলে জানান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর তুলে ধরা পাঁচ দফা প্রস্তাব হলো—
প্রথমত, জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক প্রতিটি দেশের নিজস্ব প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে ব্যয় করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ সুবিধা: এসব দেশের আর্থিক চাপ কমাতে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো বিশেষ ঋণ-ত্রাণ ব্যবস্থা চালু করতে হবে। জলবায়ু দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের কিস্তি পরিশোধের চাপ থেকে সাময়িক স্বস্তি দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার: উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিবেশবান্ধব ও আধুনিক জলবায়ু প্রযুক্তির ব্যবহার সহজ করতে হবে। এসব প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তাও নিশ্চিত করতে হবে।
চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণে সহায়তা: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে। উন্নয়নশীল দেশগুলো যাতে জ্বালানি নিরাপত্তা বজায় রেখেই পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর ঘটাতে পারে, সে জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
পঞ্চমত, ন্যায্য জ্বালানি রূপান্তরে নতুন কার্যকর উদ্যোগ: কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যকে এ উদ্যোগের মূল ভিত্তি হিসেবে রাখার আহ্বান জানান তিনি।
জলবায়ু ন্যায়বিচারে বাংলাদেশের জোরালো অবস্থান
প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হয়েও যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়। বরং জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত ও অধিক নির্গমনকারী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা, পর্যাপ্ত অনুদান এবং প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করতে হবে।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই বলেও তাঁর প্রস্তাবের মধ্য দিয়ে উঠে এসেছে।
এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম